মির্জা আব্বাসকে দেওয়া হলো নতুন দায়িত্ব
- আপডেট সময় : ১২:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯৬ বার পড়া হয়েছে
নতুন দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। দেশের নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম তদারকির জন্য গঠিত সেলের সভাপতি করা হয়েছে তাকে।
৮ সদস্যের এই সেলে সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে করা হয়েছে সদস্যসচিব।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রমের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এবং বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। পাশাপাশি খনন কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণ করবে।
এছাড়া প্রয়োজন অনুযায়ী সদস্যরা পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন। সেলের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদান করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


























