প্রেমের বিয়ের এক বছর পর গৃহবধূর রহস্যময় মৃত্যু, আটক স্বামী
- আপডেট সময় : ১২:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
মাদারীপুরে প্রেম করে বিয়ের এক বছরের মাথায় মিম আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিম আক্তার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। অভিযুক্ত রিয়াদ খান (একেএম আব্দুল্লাহ নোমান) সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের পর রিয়াদ খানের সঙ্গে মিম আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তারা শহরের বিসিক শিল্পনগরী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
বুধবার গভীর রাতে মিমের মৃত্যুর খবর তার পরিবারকে জানান স্বামী রিয়াদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় স্থানীয়রা রিয়াদ খানকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
নিহতের চাচা মো. খবির হাওলাদার বলেন, ‘আমার ভাতিজির এমন মৃত্যু মেনে নিতে পারছি না। ছোটবেলা থেকেই আমি তাকে লালন-পালন করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গৃহবধূর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’






















