টিউলিপের গ্রেফতার চেয়ে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
- আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পর এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এ মামলার তদন্তের জন্য ইতোমধ্যে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে গুলশান-২ এলাকার বাড়ি নং-৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং-৭১, ঢাকা-১২১২ ঠিকানার ফ্ল্যাট নং-বি/২০১ রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গ্রহণ করেন।
তদন্তে আরও বলা হয়, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য নয়—এ তথ্য জানা সত্ত্বেও তিনি তার খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন পারিবারিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করেন। এছাড়া রাজউকের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকে প্রভাবিত করে প্রতিষ্ঠানটিকে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির অনুমোদন পাইয়ে দেন। এর মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করে বিনামূল্যে ফ্ল্যাটটি নিজের দখলে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মামলা দায়েরের আগেই তিনি দেশত্যাগ করেছেন এবং মামলার প্রমাণ নষ্ট করার চেষ্টা করছেন বলে আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে গ্রেফতারের স্বার্থে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন বলে দুদক আদালতের কাছে আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।




























