বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ
- আপডেট সময় : ১১:৫৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার (২ মার্চ)।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং অফিসার আগামী ৫ মার্চ। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পৃথক প্রজ্ঞাপন জারি করে ইসি।
বগুড়া-৬ আসনের উপনির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৬ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত ৪১ বগুড়া-৬ আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদের আহ্বান জানিয়ে সময়সূচি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই আদেশের ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারদের আহ্বান জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত বছরের ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল কিংবা জামানতের অর্থ জমা দেওয়ার প্রয়োজন হবে না।
সূত্র: বাসস।


























