সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন বাতিল
- আপডেট সময় : ০২:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ২০৮১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মামলার পূর্ব ধার্য তারিখ সোমবার (২ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে আইভীর আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করে এবং আইভীর শ্যোন অ্যারেস্টের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে পুড়ে নিহত হন ডাচ্ বাংলা ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনে নিয়োজিত মিস্ত্রী সেলিম মণ্ডলসহ আরও তিন শ্রমিক। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ জুন বাদী ওয়াজেদ আলী সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
আইভী এই মামলাসহ জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলার আসামি। এর মধ্যে ১০টি মামলায় তিনি ইতিপূর্বে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, “আমরা উচ্চ আদালতে এ মামলার জামিনের জন্য আবেদন করব।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোর রাতে আইভীকে দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে কাশিমপুর কারাগারে রাখে।




























