মধ্যপ্রাচ্য পরিস্থিতি: সব ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা কাতারের
- আপডেট সময় : ১২:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে কাতার সরকার সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, যেসব এন্ট্রি ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বৃদ্ধি করা হবে। পরিস্থিতির উন্নয়ন বিবেচনায় প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। সিদ্ধান্তটি গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া সম্পূর্ণভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এজন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দফতরে গিয়ে আবেদন করারও প্রয়োজন নেই।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব ভিসার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন হয়েছে, সেসব ক্ষেত্রে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর উল্লিখিত তারিখ থেকে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফের সুবিধা প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কাতারে অবস্থানরত বাসিন্দা ও ভ্রমণকারীদের আইনগত অবস্থান স্থিতিশীল রাখতে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



























