ঈদযাত্রায় নির্দিষ্ট ভাড়া বাস্তবায়ন করতেই হবে: সেতুমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
ঈদযাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে সড়কের ওপর কোনো ধরনের অবৈধ পার্কিং বা দোকান বসতে দেওয়া হবে না। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের ভোগান্তিতে ফেলা যাবে না। এ বিষয়ে বাস মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহনের প্রতিশ্রুতি দিয়েছেন। সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে কাজ করছে।
তবে মালিক সমিতির পক্ষ থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, মালিকরা প্রস্তাব দিয়েছেন—ঈদযাত্রায় বাস খালি ফেরার সময় সেতুর টোল মওকুফ করা হলে তারা ভাড়া বাড়াবে না। এ বিষয়ে সরকার বিষয়টি বিবেচনা করছে। তিনি স্পষ্ট করে বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অর্থ আদায়ের সুযোগ নেই এবং এ বিষয়ে কঠোর মনিটরিং থাকবে।
শেখ রবিউল আলম আরও বলেন, ঈদের আগে সড়কে যানজট ও নৌপথে অতিরিক্ত চাপের বিষয়টি মাথায় রেখে প্রায় ১০ দিন ধরে সমন্বিত প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পাশাপাশি র্যাব, মোবাইল টিম, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী মাঠে কাজ করবে। সড়ক দখল, যত্রতত্র বাজার বসানো ও অবৈধ পার্কিং কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
সার্বিক প্রস্তুতির কথা উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, এবার দেশের মানুষ স্বস্তি ও আরামদায়ক পরিবেশে ঈদযাত্রা করতে পারবেন।






















