ব্যাংক হিসাব তলব নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- আপডেট সময় : ১২:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার বিএফআইইউ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য সংরক্ষণ করে সংস্থাটিতে পাঠানোর নির্দেশনা দেয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসিফ মাহমুদ বলেন, তিনি নিজেই তার ব্যাংক লেনদেনের তথ্য জনসমক্ষে প্রকাশ করবেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আগামীকাল (বুধবার) আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছি।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে তিনজন ওই সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অন্তর্বর্তী সরকারের শুরুতে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান আসিফ মাহমুদ। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।




























