দুর্নীতি করলে দল বা ব্যক্তি কেউ ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী
- আপডেট সময় : ০২:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ২০৯৩ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তি বা দলকে ছাড় দেওয়া হবে না। দলের নাম ব্যবহার করে কেউ দখলদারিত্ব বা অসাংগঠনিক কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৪ মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর কিছু সভা-সমিতি ও সংগঠন দখলে আমাদের দলের নাম এসেছে। বিষয়টি যাচাই করছি। কোনো অসাংগঠনিক কর্মকাণ্ড ধরা পড়লে দলের বা বাইরের যেকোনো পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন ক্ষমতায় আছি, জনগণের সেবায় আমাদের দায়িত্ব বেড়েছে। দুর্নীতিতে জিরো টলারেন্স—এটি আমাদের দলের হলেও মেনে নেওয়া হবে না।’
পার্বত্য অঞ্চলে পর্যটনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শুধু দেশীয় পর্যটকের ওপর নির্ভর করা যাবে না। বিদেশি পর্যটক আসলে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব, যা পর্যটনের বিকাশে সহায়ক। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে।’ তিনি সড়ক যোগাযোগ ও পরিচ্ছন্নতার ওপরও জোর দেন।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


























