চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে ব্যাপক অভিযান পরিচালনা করা হবে।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম ধাপ হিসেবে ঢাকা থেকে অভিযান শুরু হবে। ঢাকার পরে দেশের অন্যান্য জেলায়ও চাঁদাবাজ ও দাগি আসামিদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি জানান, ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শনকালে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ৫০ থানার ওসিদের সঙ্গে আলোচনা করেছেন। পুলিশ কর্মীদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য আইন শৃঙ্খলা দৃঢ় করা, জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি উল্লেখ করেন, আগের সরকারের সময় পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে তা পুনরুদ্ধার করা হচ্ছে এবং জনগণের কাছে পুলিশকে সত্যিকার বন্ধু হিসেবে উপস্থাপন করা হবে।


























