পুকুরে নামার পর হঠাৎ চিৎকার, কিছুক্ষণ পর যুবকের মৃত্যু
- আপডেট সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
পুকুরে মাছ ধরতে নেমে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজন ও চিকিৎসকদের প্রাথমিক ধারণা, পানিতে থাকা কোনো বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে।
শনিবার (৭ মার্চ) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সবুজ মিয়া (২৮) ওই গ্রামের মৃত আ. সোবহানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে বাড়ির পুকুরে মাছ ধরতে নামেন সবুজ মিয়া। কিছুক্ষণ পর তিনি হঠাৎ চিৎকার করে পুকুরের তীরে উঠে আসেন। পরে অল্প সময়ের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, সকালে স্বজনরা সবুজ মিয়াকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের প্রাথমিক ধারণা, বিষাক্ত সাপের কামড়ের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।






















