সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- আপডেট সময় : ১২:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
বিএনপি সংসদের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি কার্যকর ও ইতিবাচক সংসদ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান, কার্যপ্রণালী বিধি, সংসদীয় রীতি-নীতি ও কনভেনশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতান্ত্রিক চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রম নিয়েও কথা বলা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে দেশবাসী আশ্বস্ত হবে বলে আশা করছি। জনগণ বলবে—তারা যে ধরনের সংসদ দেখতে চেয়েছিল, এটি তেমনই একটি সংসদ। অতীতে সংসদে যে নেতিবাচক চর্চা তৈরি হয়েছিল, তা দূর করার চেষ্টা করা হবে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন এবং ভালোভাবে শিখবেন। তাদের মধ্যে যেন কোনো নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি না থাকে, সে লক্ষ্যেই তাদের প্রস্তুত করা হচ্ছে। একটি শিশু যেমন জন্মের পর নতুনভাবে পরিবেশ ও সংস্কৃতি শিখে, তেমনি নবীন সংসদ সদস্যদেরও সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নতুন সংসদ সদস্যদের জনপ্রত্যাশা পূরণে সক্ষম করে তুলতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণবিধি বিষয়ে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। শেষ দিনের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদীয় রীতি এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরছেন।


























