রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৩
- আপডেট সময় : ১২:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর তিন খুটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বিধান মিস্ত্রী, রোকেনা বেগম এবং সিএনজি চালক শরীফ হোসেন। তারা সবাই নাটোরের লালপুর থেকে বাঘা উপজেলায় যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিটি লালপুর থেকে বাঘার দিকে যাচ্ছিল। পথে চণ্ডীপুর তিন খুটার মোড়ে একটি খালি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।
দুর্ঘটনায় আহত হয়েছেন শাহজাহান আলী ও সীমা বেগম। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।






















