হাদি হত্যা মামলায় গ্রেফতার দুইজনকে দেশে ফেরানো নিয়ে যা জানালেন আইজিপি
- আপডেট সময় : ১২:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিগগিরই তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের প্রধান অঙ্গীকার উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনায় আনা হবে না। ইতোমধ্যে চাঁদাবাজ ও মাদক কারবারিদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েও কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশের কোনো সদস্য অতিউৎসাহী হয়ে আইনবহির্ভূত আচরণ করতে পারবেন না। একই সঙ্গে নাগরিকদেরও আইন মেনে চলার আহ্বান জানান তিনি। কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন আইজিপি।


























