হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে মার্কিন নৌবাহিনীর অপারগতা
- আপডেট সময় : ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২০৯৯ বার পড়া হয়েছে
বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এর ফলে ইতোমধ্যে কয়েকটি জাহাজের এসকর্টের অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছে।
মার্কিন নৌবাহিনীর এ সিদ্ধান্তে মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানিতে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে কিছুটা অসামঞ্জস্যও দেখা দিয়েছে। ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নৌবাহিনী এসকর্ট দিতে প্রস্তুত।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত শুরুর পর থেকেই সরু এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন বাধাগ্রস্ত হয়েছে এবং তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। কেউ সেখানে দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করলে গুলি চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে কয়েকটি জাহাজ হামলার মুখে পড়েছে।
এদিকে শিপিং শিল্পের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে শিপিং ও তেল খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে। তবে এসব বৈঠকে তারা জানিয়েছে, আপাতত সামরিক এসকর্ট দিয়ে জাহাজগুলোকে প্রণালি পার করানোর মতো সক্ষমতা তাদের নেই।
সূত্রগুলো আরও জানায়, শিপিং শিল্পের প্রতিনিধিরা প্রায় প্রতিদিনই মার্কিন নৌবাহিনীর কাছে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সামরিক নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

























