বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কয়েকটি ঐতিহাসিক সিদ্ধান্ত আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার (১২ মার্চ) একাধিক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “আগামীকাল সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে পারে। সংসদ নেতা স্বাগত বক্তব্যের মাধ্যমে অধিবেশন শুরু করবেন এবং কে সভাপতিত্ব করবেন তা উপস্থাপন করবেন।”
সালাহউদ্দিন আহমদ জানান, সংসদের বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ নেবেন। এছাড়া ১৫ মার্চ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পর সংসদে বিরতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনগণের প্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো সংসদের কার্যক্রমে প্রতিফলিত হবে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা।



























