জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ: তিন আসামির মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৩:১৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. ফারুক হোসেন (২৮), মো. মনসুর আলী (২৫) ও মো. ফেরদৌস হোসেন (২০)। তাদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায়। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুলাই ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী ব্যবসায়িক কাজে রশিদপুর চৌরাস্তা এলাকার একটি বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায় পৌঁছালে দণ্ডপ্রাপ্তরা তাদের পথরোধ করে। এ সময় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই নারীকে পাশের একটি স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর স্বামী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফজলুল হক জানান, ভুক্তভোগীসহ চারজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন।






















