হাটহাজারীতে সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে অয়ন দাশ (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে বোয়ালীয়ার মুখ বাজার এলাকার ওই বাসার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের ছেলে। তিনি পেশায় সেলুন কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাসাটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি স্থানীয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর স্থানীয়দের সহায়তায় তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে অয়ন দাশের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।






















