ফেনীতে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল একজনের
- আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২০৭৯ বার পড়া হয়েছে
কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে ফেনীর ছাগলনাইয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হোনা মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হোনা মিয়া উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। স্থানীয়রা জানান, তিনি যুবদলের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুর কঠোর নির্দেশনা সত্ত্বেও একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির মাটি কেটে নিয়ে আসছিল। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের নজরদারি থাকলেও তাদের ঠেকানো যাচ্ছিল না।
এ অবস্থায় শনিবার গভীর রাতে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আহত তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত অন্য দুজন হলেন—পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের জানে আলমের ছেলে আলা উদ্দিন সুজন (৩০) এবং একই গ্রামের নূর আলম (৪০)। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কৃষিজমির মাটি কাটা বন্ধে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছিলেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু। কিন্তু কিছু ব্যক্তি প্রশাসনকে প্রভাবিত করে মাটি কাটা অব্যাহত রাখে। সংঘর্ষে জড়িতদের অধিকাংশই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, পূর্ব শিলুয়া গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।






















