ময়মনসিংহে দীপু হত্যাকাণ্ডের আরও একজন আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০২:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় সোহেল রানা (৩৪) নামে আরও একজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৪ মার্চ) রাতে জামিরদিয়া ডুবালিয়াপাড়া, পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেডের গেইটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ নিয়ে দীপু হত্যা মামলায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার সোহেল রানা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝায়াইল এলাকার তোরাব আলীর ছেলে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, সোহেল ঘটনাস্থলে উপস্থিত থেকে দীপুকে ফ্যাক্টরির ফ্লোর থেকে গার্ড রুমে নিয়ে যাওয়ার সময় মারধর করেন। এছাড়া ফ্যাক্টরির কর্মীদের উত্তেজিত করতে স্লোগান দেন এবং মরদেহের ওপর বর্বরোচিত নির্যাতন চালাতে উৎসাহিত করেন।
উল্লেখ্য, ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দীপু চন্দ্র দাসকে ধরে পিটিয়ে হত্যা করা হয় এবং মরদেহকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছে ঝুলিয়ে আগুন দেয়া হয়। এই ঘটনায় তার ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৪০–১৫০ জনকে আসামি করে মামলা করেন।






















