ফরিদপুরে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০৩:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২০৯৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত সোহেল শেখ নামে এক যুবককে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ শামীমা পারভীন রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, সোহেল শেখ জেলার আলফাডাঙ্গা উপজেলার দক্ষিণ চর নারানদিয়া গ্রামের ইকবাল শেখের ছেলে। ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর তিনি কলেজছাত্রীকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে জোড়পূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান এবং বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরে কলেজছাত্রী কৌশলে পালিয়ে বাড়ি ফিরে আসেন।
মামলায় অভিযোগকারী ছিলেন কলেজছাত্রীর বাবা, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। দীর্ঘ শুনানি ও সাক্ষী প্রমাণের পর আদালত এই রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “এই রায় সমাজে আইনের প্রতিষ্ঠা করেছে। এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না। আমরা এই রায়ে সন্তুষ্ট।”






















