কুমিল্লায় ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত
- আপডেট সময় : ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় শাহ আলম ভূঁইয়া (৫৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
নিহত শাহ আলম ভূঁইয়া উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শনিবার বিকেলে ডিউটি শেষে বুড়িচং থেকে নিজ বাড়িতে ফেরার পথে বুড়িচং–মীরপুর মেজর এম. এ. গণি সড়কের বুড়িচং মধ্যবাজার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যা ৬টার দিকে কুমেক হাসপাতালে তার মৃত্যু হয়।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা আনসার সদস্য শাহ আলম সন্ধ্যা ৬টার দিকে মারা গেছেন বলে খবর পেয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















