তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী
- আপডেট সময় : ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ২০৮৯ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য নতুন শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে এবং কোথাও কোনো সংকট নেই। তাই আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
ঈদযাত্রা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকদের নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
তবে তিনি জানান, অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়ার খবর পাওয়া যাচ্ছে এবং কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়ার তথ্য এখনো মেলেনি।
এছাড়া ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























