ঈদ শেষে ফিরতি চাপে যমুনা সেতু-তে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা
- আপডেট সময় : ০২:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ায় যমুনা সেতু ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় দাঁড়িয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪৬ হাজার ২৭৮টি যানবাহন সেতু পারাপার করেছে। এর মধ্যে উত্তরবঙ্গমুখী ১৬ হাজার ২২২টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। আর ঢাকামুখী ৩০ হাজার ৫৬টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সেতুর দুই পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে, যার মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা বুথও রয়েছে।
তিনি আরও বলেন, যানজট এড়াতে এবং দ্রুত টোল আদায় নিশ্চিত করতে সার্বক্ষণিক বুথ সচল রাখার চেষ্টা চলছে। ঈদ-পরবর্তী আরও কয়েকদিন এ চাপ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।






















