হুতিদের হুমকিতে পণ্যবাহী জাহাজ চলাচলে বাড়তি সতর্কতা
- আপডেট সময় : ০৭:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ২০৯০ বার পড়া হয়েছে
লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা আবারও শুরু হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে হুতি গোষ্ঠী। এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামুদ্রিক নিরাপত্তা সংস্থা পণ্যবাহী জাহাজগুলোকে ইয়েমেনের জলসীমায় প্রবেশ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
শনিবার (২৮ মার্চ) ইসরাইল লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ভবিষ্যতে আরও হামলার হুমকির পর এই সতর্কতা জারি করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর-পশ্চিম ইয়েমেনের নিয়ন্ত্রণে থাকা হুতিরা এখনো তাদের সবচেয়ে শক্তিশালী কৌশল ব্যবহার করেনি। সেটি হলো বাব আল-মান্দাব প্রণালী—যা লোহিত সাগরকে বৈশ্বিক বাণিজ্যপথের সঙ্গে সংযুক্ত করে। এখন পর্যন্ত তারা এ গুরুত্বপূর্ণ নৌপথ পুরোপুরি বন্ধ করেনি।
ইইউর নৌ মিশন ‘অ্যাসপাইডস’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য হুমকির মাত্রা তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সম্পর্কহীন জাহাজগুলোর জন্য ঝুঁকি মাঝারি পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।



























