যুক্তরাষ্ট্র ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ে নিতে পারে: ট্রাম্প
- আপডেট সময় : ১২:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া এবং তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের বিষয়টি বিবেচনায় রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “সত্যি বলতে, আমি ইরানের তেল নিতে চাই। তবে যুক্তরাষ্ট্রে অনেকে প্রশ্ন তোলে—কেন এমনটি করা হবে। আমার মতে, তাদের সেই ভাবনা সঠিক নয়।”
খার্গ দ্বীপ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সেটি নিতেও পারি, আবার নাও নিতে পারি। আমাদের সামনে একাধিক বিকল্প আছে। তবে যদি নিই, তাহলে কিছু সময় সেখানে অবস্থান করতে হবে।”
ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করে ট্রাম্প বলেন, “আমার মনে হয় তাদের প্রতিরক্ষা খুব শক্তিশালী নয়। আমরা চাইলে সহজেই নিয়ন্ত্রণ নিতে পারি।”
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্রায় সাড়ে তিন হাজার সেনা মোতায়েন করেছে। পরিস্থিতি অবনতি হলে মার্কিন বাহিনীর ওপর হামলার আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
একই সঙ্গে ট্রাম্প জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা এগোচ্ছে। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।



























