ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩৫১ জনের : যাত্রী কল্যাণ সমিতি
- আপডেট সময় : ১২:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
এবারের ঈদুল ফিতরকে ঘিরে ১৫ দিনে সারা দেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জনের মৃত্যু এবং ১,০৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।
জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল এই প্রতিবেদন প্রস্তুত করেছে বলে জানানো হয়।
সংগঠনটির তথ্যানুযায়ী, ঈদযাত্রার শুরু ১৪ মার্চ থেকে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এ সময় সড়কপথে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত এবং ১,০৪৬ জন আহত হন।
এছাড়া, রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সময়ে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২,১৭৮ জন ভর্তি হয়েছেন।
মোটরসাইকেল দুর্ঘটনা এবারও সবচেয়ে বেশি প্রাণ কেড়েছে। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৬.১২ শতাংশ এবং মোট মৃত্যুর ৩৮.৪৬ শতাংশ।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ৭১ জন চালক, ৫৫ জন শিশু, ৫৪ জন পথচারী, ৫১ জন নারী এবং ৪২ জন শিক্ষার্থী।


























