স্ত্রী হত্যার দায়ে জামালপুরের যুবকের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৩:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রী সুজানা আক্তারকে হত্যার দায়ে আমিনুল ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জের বেলুয়ারচর গ্রামে পারিবারিকভাবে বিয়ে হয় আমিনুল ইসলাম ও সুজানা আক্তারের। বিয়ের পর থেকে আমিনুল ইসলাম যৌতুকের জন্য স্ত্রীকে নিয়মিত নির্যাতন করতেন।
২০২২ সালের ২৪ এপ্রিল ২০ হাজার টাকা যৌতুক দাবির সময় সুজানা অস্বীকার করলে তাকে মারধর করা হয়। পরবর্তীতে লাথি মারার কারণে সুজানা ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভুক্তভোগীর বাবা সুরুজ মিয়া ওইদিন দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আসামি ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।






















