চাঁদপুরে মনজিল হত্যা মামলায় ভারত সীমান্ত থেকে সাগর আটক
- আপডেট সময় : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২০৯৪ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব দক্ষিণে মনজিল শেখের হত্যাকাণ্ডে জড়িত সাগর হোসেনকে সাতক্ষীরার ভারতীয় সীমান্ত থেকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) সকালে এ ঘটনায় প্রেসব্রিফিংয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়।
মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, মনজিল শেখ এবং সাগর হোসেনের মধ্যে ঈদের ছুটিসহ বিভিন্ন সময়ে ঝগড়াঝাটি হতো। ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন মনজিল শেখের ঘুমের সময়ে তার মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করেন।
পরবর্তীতে আসামি ঢাকা হয়ে সাতক্ষীরায় চলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন, তখনই তাকে আটক করা হয়।
প্রেসব্রিফিংয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জালালউদ্দীন উপস্থিত ছিলেন।
দুপুরে আসামি চাঁদপুরের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গত শনিবার রাতেই মনজিল শেখকে নারায়ণপুর এলাকার একটি গরুর খামারে হত্যা করা হয়। সাগর হোসেনের সঙ্গে কথা কাটাকাটির জেরেই এই ঘটনা ঘটে। তারা একই খামারের কর্মচারী ছিলেন।
চাঁদপুর পুলিশ সুপার রবিউল হাসান জানান, ঘটনার পর থেকে দ্রুত আসামিকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।






















