লেবাননে শান্তিরক্ষী নিহত, জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা
- আপডেট সময় : ০৪:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২০৮০ বার পড়া হয়েছে
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে ইসরায়েলি হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন। রবিবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এটি সাম্প্রতিক ঘটনায় অন্যতম। তিনি সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার পাশাপাশি জাতিসংঘ কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
লেবাননে অবস্থিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষী মিশন (ইউএনআইএফআইএল) জানায়, আদচিট আল-কুশাইর গ্রামে বিস্ফোরণে একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত শান্তিরক্ষীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের ফলে শান্তিরক্ষীদের ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা আহত হয়েছেন।
এছাড়া, লেবাননের দক্ষিণাঞ্চল শাকরা শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।



























