প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠক
- আপডেট সময় : ০৫:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সংসদ ভবনে নিজ কার্যালয়ে বৈঠক করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। সংক্ষিপ্ত বৈঠক শেষে প্রধানমন্ত্রী সৌজন্য হিসেবে ডা. শফিকুর রহমানকে তার কার্যালয়ের দিকে কিছুটা পথ এগিয়ে দেন, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।
এর আগে দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় পাশাপাশি অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে সংসদ ভবনের দিকে যাওয়ার পথে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে, প্রধানমন্ত্রী তাকে নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকটি ছিল সংক্ষিপ্ত এবং প্রায় ২০ মিনিট স্থায়ী হয়। আলোচনা শেষে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর দপ্তর ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে কিছুদূর এগিয়ে দেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময়ই সৌজন্য ও শিষ্টাচার বজায় রেখে চলেন। বিভিন্ন সময় তার এই আচরণ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। পরে বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা অধিবেশন কক্ষে প্রবেশ করেন।




























