দেশে জ্বালানি সংকট নেই, মধ্যপ্রাচ্যের বাইরের সোর্সে নজর দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিলেও বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিচ্ছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য সম্ভাব্য উৎস থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এ প্রচেষ্টায় সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করেছেন। জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
শামা ওবায়েদ আরও জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের মরদেহ দেশে আনা হয়েছে। পাশাপাশি ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।


























