সাপ্তাহিক ছুটি বাড়ানো ও অনলাইন ক্লাস চালুর প্রস্তাব মন্ত্রিসভায় যাচ্ছে
- আপডেট সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২১৫৫ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার ধাক্কা লেগেছে দেশীয় জ্বালানি খাতেও। নতুন সরবরাহ কমে যাওয়ায় বিদ্যমান মজুদ দিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই চাপ মোকাবেলায় জ্বালানি সাশ্রয়ী নানা পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।
এর অংশ হিসেবে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা কিংবা অফিস সময়সূচিতে পরিবর্তন আনার প্রস্তাবও আলোচনায় আছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টিও গুরুত্বসহকারে ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে সশরীরে ও অনলাইন—এই দুই পদ্ধতির সমন্বয়ে পাঠদান চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং তা মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।
এদিকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে প্রতিদিন সকালে বাধ্যতামূলকভাবে ৪০ মিনিট অফিসে উপস্থিত থাকা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং অফিসকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। রোববার এ সংক্রান্ত চিঠি মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।


























