ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ চলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
- আপডেট সময় : ০৫:০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ২০৯৯ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়মের মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের চিহ্নিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবেদীন ও বিরোধীদলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
মন্ত্রী জানান, ‘তন্ত্র-মন্ত্র’ বা অবৈধ উপায়ে যারা নিজেদের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, তাদের শনাক্তে মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অমুক্তিযোদ্ধারা শুধু তালিকায় অন্তর্ভুক্তই হননি, বরং বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন এবং তাদের পরিবারের সদস্যদের চাকরিও নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, আগের সরকারের আমলে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সনদ স্থগিত করা হয়েছে এবং নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে।
সংসদ সদস্যদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই এসব অনিয়ম চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা হবে।


























