পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরাতে প্রধানমন্ত্রীর কড়া বার্তা
- আপডেট সময় : ০৬:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
বিভিন্ন রাজনৈতিক দলের নানা প্রতিশ্রুতি ও কার্যক্রমের মধ্যেও জনগণ বিএনপির পরিকল্পনার ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন দল জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়েছে, কেউ কেউ প্রতীকী টিকিটও বিতরণ করেছে। তবে নির্বাচনে জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, তা প্রমাণ করে মানুষের সমর্থন তাদের পরিকল্পনার পক্ষেই রয়েছে। জনগণ বিএনপির প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছে।
তিনি আরও জানান, দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
তারেক রহমান বলেন, দায়িত্ব গ্রহণের সময় সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। তবুও দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে জনগণের করের অর্থ দেশের স্বার্থে সঠিকভাবে ব্যবহার করা যায়।
পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যা বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার। এই অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় ও আইনি সহায়তা চুক্তি করা হচ্ছে।
তিনি বলেন, জনগণের অর্থ ফিরিয়ে আনা সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এ লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া, পাচারের সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই পাচারকারীদের বিচার নিশ্চিত করা হবে।






















