যেভাবে গণভোটের রায় বাস্তবায়ন করা যায়, সে পথেই হাঁটবে বিরোধী দল: শফিকুর রহমান
- আপডেট সময় : ০৮:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২০৯২ বার পড়া হয়েছে
সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের পথে হাঁটতেই হবে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে ওয়াকআউটের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা হতাশ। জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করার প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছি। প্রথমে সরকারি ও বিরোধী দল সবাই গণভোট বিষয়ে একমত ছিল। কিন্তু পরে জনগণের চূড়ান্ত ইচ্ছাকে উপেক্ষা করা হলো। জনগণের সম্মানের জন্য আমরা ওয়াকআউট করেছি।”
তিনি আরও বলেন, “যেহেতু জনগণের রায় সম্মানিত হয়নি, আমরা জনগণের কাছে ফিরে যাব। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের পথেই আমরা এগোব।”
ডা. শফিকুর রহমান জানান, গণভোটের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল সক্রিয় থাকবে। শিগগিরই অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে।
বিরোধী দল অভিযোগ করেছে, জাতীয় সংসদে অধিবেশন চলাকালে গণভোটের রায়কে প্রতিফলিত করা হয়নি এবং তা অবমূল্যায়ন করা হয়েছে। এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দল ওয়াকআউট করেছিল।




























