বৈশ্বিক বাজারে তেলের দামে বড় উত্থান
- আপডেট সময় : ০৬:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২০৮৬ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) একদিনেই তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান এই বৃদ্ধির প্রধান কারণ।
তেলের এই ঊর্ধ্বগতি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে, যা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ তথ্যে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় ৬.৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৬.৪৫ ডলারে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বাজারে অস্থিরতা বাড়িয়ে দিয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অব্যাহত থাকতে পারে এবং দ্রুত তা থামার সম্ভাবনা নেই। এতে যুদ্ধবিরতি বা কূটনৈতিক সমাধানের আশায় থাকা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, যাতে দেশটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়।
এর আগে সপ্তাহের শুরুতে তেলের বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও নতুন করে এই বক্তব্যের পর পরিস্থিতি পাল্টে যায় এবং বিনিয়োগকারীদের উদ্বেগ আবার বাড়তে থাকে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হলে পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় অবস্থিত মার্কিন স্থাপনা ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এর ফলে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা আরও তীব্র হয়েছে।



























