সৌদি আরব থেকে বিকল্প রুটে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
- আপডেট সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২০৮৫ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প রুটে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানির উদ্যোগ নিয়েছে।
লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে তেলটি সরাসরি লোহিত সাগর হয়ে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ এপ্রিল তেলবাহী ট্যাংকারে এ তেল লোড করা হবে।
অন্যদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালীসংক্রান্ত জটিলতায় আটকে রয়েছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ অনুমতি না পাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না। যদিও সম্প্রতি ইরান বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, এই জাহাজটি সেই তালিকায় নেই।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, ইয়ানবু বন্দর থেকে নতুন চালানসহ মোট দুই জাহাজের ২ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। পরে এসব তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারজাত করা হবে, যা চলমান জ্বালানি সংকট অনেকটা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, এই ২ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি উৎপাদন সম্ভব হবে। এর মধ্যে প্রায় ৫২ হাজার মেট্রিক টন ডিজেল, ৩২ হাজার মেট্রিক টন পেট্রোল, ১৬ হাজার মেট্রিক টন অকটেন, ৪৮ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ৪২ হাজার মেট্রিক টন কেরোসিন উৎপাদিত হতে পারে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, জটিলতা কাটাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। অনুমতি মিললে আটকে থাকা জাহাজটি সরাসরি চট্টগ্রামে পৌঁছাবে।
তিনি আরও জানান, হরমুজ প্রণালীর ঝুঁকি এড়াতে এবার ভিন্ন কৌশল নেওয়া হয়েছে। ইয়ানবু বন্দর থেকে তেল সংগ্রহ করায় পরিবহন পথে সামরিক বা রাজনৈতিক বাধার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
বিএসসি সূত্রে আরও জানা যায়, চলতি বছরের মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি ও এলএনজিসহ বিভিন্ন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে অন্তত ৩৩টি জাহাজ ভিড়েছে।


























