যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারী হত্যা,অভিযুক্ত আটক
- আপডেট সময় : ১১:৫২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২১০৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে এক হামলায় নিলুফার ইয়াসমিন পারভীন নামের এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোলবার্ট জোয়াচিন নামে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে একটি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তি এটিএম বুথ থেকে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করেন। এ সময় নিলুফার জানান, ভুল পিন নম্বরের কারণে লেনদেনটি ব্যর্থ হয়ে থাকতে পারে এবং এটিএমটি তার নিয়ন্ত্রণে না থাকায় তিনি কোনো অর্থ দিতে পারবেন না। এরপর ওই ব্যক্তি সেখান থেকে চলে যান।
পরে বৃহস্পতিবার ভোরে নিলুফারের ব্যক্তিগত গাড়ির সামনের কাঁচ ভাঙচুর করা হয়। শব্দ পেয়ে তিনি দোকান থেকে বাইরে এলে অভিযুক্ত ব্যক্তি আবারও টাকা দাবি করেন এবং তার ওপর হামলা চালান।
ঘটনার পরপরই ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও জরুরি চিকিৎসা সেবার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নিলুফার ইয়াসমিন পারভীনের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নে। তিনি প্রায় তিন মাস আগে ওই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। তার দুই কন্যাসন্তান রয়েছে, যাদের বয়স ১৬ ও ২০ বছর।



























