রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ইরান নয়, ইসরাইল চালিয়েছে: আইআরজিসি
- আপডেট সময় : ০২:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের মতে, ড্রোন হামলাটি ইরানের নয়, বরং ইসরাইলের দায়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে তেহরানে হামলা চালায়, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি ও অন্যান্য স্থানে পাল্টা হামলা শুরু করে। চার দিন পর, ৩ মার্চ ভোরে, রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা হয়। সৌদি কর্তৃপক্ষ প্রথমে ক্ষতির মাত্রা কম দেখিয়েছিল, কিন্তু পরে জানা যায়, আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আইআরজিসি এই হামলার দায় অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে, “ইরানের সশস্ত্র বাহিনী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এটি নিশ্চিতভাবে ইসরাইলের কাজ।” তারা মুসলিম দেশগুলোকে জায়নিস্ট শাসনের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দিয়েছে এবং জানিয়েছে, আমেরিকা ও ইসরাইল অঞ্চল অস্থিতিশীল করার চেষ্টা করছে।



























