সারা দেশে ৩ মে থেকে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ১১:৫৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২০৭৮ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে। এর আগে আগামী রবিবার থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুই সিটি করপোরেশন ও দুই জেলায় এই কার্যক্রম শুরু হবে।
রবিবার ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল জেলায় টিকাদান কার্যক্রম চালু হবে। পরে তা পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলে বিস্তৃত করা হবে।
তিনি আরও বলেন, ৩ মে থেকে বাকি জেলা ও উপজেলাগুলোতেও ধাপে ধাপে টিকা প্রদান করা হবে, যাতে কোনো শিশু ঝুঁকির মধ্যে না থাকে।
হামের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই রোগের প্রাদুর্ভাবকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করছে।
স্বাস্থ্য বিভাগের সূত্র জানিয়েছে, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।


























