শুধু কোদাল কাঁধে নিলে মানুষ খুশি হবে না: শিশির মনির
- আপডেট সময় : ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২০৮৫ বার পড়া হয়েছে
অ্যাডভোকেট শিশির মনির মন্তব্য করেছেন, শুধু কাজের প্রদর্শনী দিয়ে দেশের মানুষকে খুশি করা সম্ভব নয়। রোববার (৫ এপ্রিল) বগুড়ায় একটি আলোচনা সভায় তিনি বলেন, “মাঝে মাঝে কোদাল কাঁধে কেটে কাজ দেখালেও রাজনৈতিক সমস্যার সমাধান না হলে জনগণ সন্তুষ্ট হবে না।”
‘জনরায় উপেক্ষা নয়- গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত শিশির মনির বলেন, সরকার ভোটে ৫১ শতাংশ সমর্থন পেয়েছে, কিন্তু গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ জানিয়েছে। এখন সরকার যদি গণভোটকে অবহেলা করে, তাহলে তারা জনগণের রায়কে সম্মান করছে না।
তিনি আরও বলেন, “সরকার ভালো কাজ করলে আমরা তা স্বীকৃতি দেব। খাল খনন বা উন্নয়নমূলক কাজ করলে আমরা প্রশংসা করব, কিন্তু ভালো কাজ না করলে সম্মান জানাবো না।”
শিশির মনির মন্তব্য করেন, জনগণের মতামত ও অধিকারকে সম্মান জানানো একটি গণতান্ত্রিক দেশের মৌলিক দায়িত্ব। গণভোটের মাধ্যমে জনগণের আশা প্রতিফলিত হয়, তাই তা বাস্তবায়নে সরকারের আন্তরিকতা অপরিহার্য। যদি জনগণের রায় দ্রুত গ্রহণ না করা হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কার্যকর করার দাবি করা হবে।




























