‘ট্রান্সজেন্ডার’ অভিযোগে ছাত্রদলের পদচ্যুত নেতার মন্তব্য—‘যোগ্যরাই দায়িত্ব পালন করবে’
- আপডেট সময় : ০১:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সহ-দপ্তরের দায়িত্বে থাকা মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত তথ্য গোপনের অভিযোগে তাকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে। দলীয় সূত্র জানায়, সম্প্রতি কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অভিযোগ রয়েছে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া রেদোয়ান ইসলাম তার বায়োডাটায় জেন্ডার সংক্রান্ত তথ্য সঠিকভাবে উপস্থাপন করেননি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, কমিটি ঘোষণার পর বিষয়টি সামনে আসে। তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে রেদোয়ান ইসলাম একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সাংস্কৃতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ ও মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি।
সমালোচনার বিষয়ে তিনি বলেন, না জেনে বা না বুঝে অনেকেই নানা মন্তব্য করছেন, যা অনাকাঙ্ক্ষিত। তিনি সবার কাছে অনুরোধ জানান, তাকে নিয়ে বিভ্রান্তিকর আলোচনা না করে নিজের মতো কাজ করার সুযোগ দেওয়ার জন্য।




























