ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের
- আপডেট সময় : ০৫:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২১৪৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের আহ্বান জানিয়েছেন দেশটির কয়েকজন আইনপ্রণেতা। তারা সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে তাকে ক্ষমতা থেকে সরানোর দাবি তুলেছেন। এই সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা অন্যের কাছে হস্তান্তরের ব্যবস্থা রয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপকে ‘বেপরোয়া’ আখ্যা দিয়ে কয়েকজন কংগ্রেস সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি সর্বশেষ এ দাবিতে যোগ দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ট্রাম্প একটি ‘অবৈধ ও বিপজ্জনক যুদ্ধ’কে উসকে দিচ্ছেন এবং ইরানে বেসামরিক স্থাপনা লক্ষ্য করার হুমকি দিচ্ছেন। তার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমরও একই দাবি জানান। তিনি বলেন, ট্রাম্পের এমন অবস্থান গ্রহণযোগ্য নয় এবং তাকে অপসারণের জন্য ২৫তম সংশোধনী প্রয়োগ বা ইমপিচমেন্টের পথ বিবেচনা করা উচিত।
নিউ মেক্সিকোর কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবারি কংগ্রেস ও মন্ত্রিসভাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখনই ২৫তম সংশোধনী প্রয়োগের সময়।
ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশও ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেন, তিনি দেশের জন্য ক্ষতিকর এবং তাকে সরাতে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।
এছাড়া ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি বলেন, পরিস্থিতি অস্বাভাবিক ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি মনে করেন, প্রয়োজনে সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা উচিত।



























