বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন এমডি ও ডিএমডি নিয়োগ
- আপডেট সময় : ০৭:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাইজার সোহেল আহমেদকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বিমানের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে দায়িত্ব পালনকালে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে।
এছাড়া, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে একই মেয়াদে বিমানের ডিএমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও অন্য সব ধরনের পেশাগত বা প্রাতিষ্ঠানিক সম্পর্ক থেকে অব্যাহতি নিতে হবে।
উল্লেখ্য, শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ায় বিমানের সাবেক এমডি ও সিইও মো. সাফিকুর রহমানকে পদ থেকে অপসারণ করা হয়। এরপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে দায়িত্ব পালন করছিলেন।



























