গাজীপুরে এক গৃহকর্ত্রীকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে
- আপডেট সময় : ১২:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
গাজীপুরে নৈশ্য প্রহরীর বাড়িতে গৃহকর্ত্রী খুন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
গাজীপুরের সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া গ্রামে নৈশ্য প্রহরীর বাড়িতে এক গৃহকর্ত্রীকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার (৫৫) ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান একটি কারখানায় এবং তার ছেলে নাজমূল সাকিব পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরী হিসেবে কর্মরত। ঘটনার রাতে রাত প্রায় ২টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা সাকিবের স্ত্রী আরিফা আক্তারের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
একপর্যায়ে বাধা দিলে আসমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে দুর্বৃত্তরা ঘর থেকে প্রায় ৩ লাখ টাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অচেতন অবস্থায় আরিফা আক্তারকেও উদ্ধার করা হয়েছে।
পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, গভীর রাতে নৈশ্য প্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এবং বাধা দেওয়ায় এক নারীকে হত্যা করা হয়েছে বলে তিনি শুনেছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর জানান, ঘটনাটি ডাকাতি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






















