বাংলাদেশিদের জন্য ১৩ দেশের যৌথ ভিসা নির্দেশনা জারি
- আপডেট সময় : ১২:৫০:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২০৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশি নাগরিকদের জন্য ১৩টি দেশ একযোগে ভিসা, পারমিট এবং অন্যান্য কনস্যুলার সেবা প্রাপ্তির বিষয়ে নির্দেশনা দিয়েছে। বুধবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এই নির্দেশনা প্রকাশ করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসার আবেদন করতে হলে শুধুমাত্র সরকারি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবৈধ বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া বা অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অনিয়ম ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং আইনি জটিলতা তৈরি করতে পারে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করা মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের আহ্বান জানানো হয়েছে, যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসা কার্যক্রম সম্পন্ন করতে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ এবং ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে।
যৌথ নির্দেশনা দেওয়া ১৩টি দেশ হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।


























