জুলাই সনদ বাস্তবায়নে কথা রাখেনি বিএনপি: আসিফ
- আপডেট সময় : ০৭:৪৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২১০৫ বার পড়া হয়েছে
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বলে হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি অভিযোগ করেন, সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই তাদের কথা বলতে বাধ্য করা হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখালেখির কারণে গ্রেফতারের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, ২৮ জন বিচারককে শোকজ করার মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে, তাদের অবস্থানের বাইরে গিয়ে রায় দেওয়া বা মত প্রকাশ করা যাবে না।
আসিফ মাহমুদ আরও বলেন, সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যেই অধ্যাদেশ বাতিল করা হচ্ছে। তার মতে, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং বিরোধী দলের বক্তব্য বাস্তবায়নের কোনো সুযোগ থাকছে না।




























