ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া ও স্পেন
- আপডেট সময় : ১১:২৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২১১১ বার পড়া হয়েছে
লেবাননে আবারও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০০টি হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ২৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। এই হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দা জানানো হয়েছে।
অস্ট্রেলিয়া ও স্পেন লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, তা লেবাননেও কার্যকর হওয়া উচিত। ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই সংকট কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক প্রভাব ফেলছে। তাই পুরো অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে যুদ্ধবিরতির পরিসর বাড়ানো জরুরি।
অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লেবাননে সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে মানবজীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার অভিযোগ তোলেন। তিনি বলেন, চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা উচিত।
সানচেজ আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ঘটনায় সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি পুনর্বিবেচনার কথাও উল্লেখ করেন।
যুদ্ধবিরতির প্রেক্ষাপট থাকা সত্ত্বেও লেবাননে হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা বাড়ছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, স্পেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ছাড়াও সিরিয়া ও ওমান এই হামলার নিন্দা জানিয়েছে।


























