‘চুক্তি না মানলে’ ইরানের আশেপাশে অবস্থান করবে মার্কিন সৈন্য : ট্রাম্প
- আপডেট সময় : ০২:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২০৯৭ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিয়ে ডোনাল্ড ট্রাম্প কঠোর বার্তা দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি জানিয়েছেন, ‘বাস্তব ও কার্যকর চুক্তি’ সম্পূর্ণরূপে মানা না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানের আশেপাশে অবস্থান রাখবে।
ট্রাম্প বলেন, এই মোতায়েন শুধুই প্রতীকী হবে না; এতে থাকবে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সশস্ত্র সেনা ইউনিট। পরিস্থিতি অনুযায়ী উন্নত অস্ত্র, অতিরিক্ত গোলাবারুদ ও প্রয়োজনীয় সব সামরিক সরঞ্জাম দ্রুত পাঠানো হবে। তিনি ইরানকে ‘দুর্বল প্রতিপক্ষ’ আখ্যা দিয়ে সতর্ক করেন, চুক্তি লঙ্ঘিত হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেবে এবং প্রয়োজন হলে শত্রুকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে পিছপা হবে না।
ট্রাম্প আরও বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে সব সময় নিরাপদ ও উন্মুক্ত রাখতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করবে।
এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন এক হাজারের বেশি। হরমুজ প্রণালি বর্তমানে কেবল ‘আংশিকভাবে’ সচল রয়েছে। তেহরান জানিয়েছে, এই পথে চলাচল সবার জন্য উন্মুক্ত থাকলেও শত্রুদেশের কোনো জাহাজ চলাচল করতে পারবে না।



























